ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে বিকেএসপিতে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। ঘটনার পর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান এই অভিজ্ঞ ওপেনার।
সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের সঙ্গে পরামর্শের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুইজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও যোগাযোগ করে যাচ্ছেন তামিম। চিকিৎসা ও বিশ্রামের পর বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো।
২৫ এপ্রিল (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমি শারীরিকভাবে এখন বেশ ভালো আছি। সবার দোয়ার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ, তিন মাস পর মাঠে ফিরব।’
তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে ক্রিকেটাররা। তাদের সঙ্গে এমন আচরণ করা ঠিক নয়।’ তিনি আরও জানান, বিসিবি সভাপতি এবং দুইজন পরিচালক তার আমন্ত্রণে মাঠে আসেন এবং এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সিদ্ধান্ত দ্রুত জানানোর অনুরোধও করেন তিনি।
উল্লেখ্য, সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আম্পায়ার্স কমিটির দেওয়া পূর্বের শাস্তিই বহাল থাকবে। ১৯ এপ্রিল নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তটি বাতিল করে আবারও দুই ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। বিসিবি জানিয়েছে, শাস্তি আরোপের প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছিল এবং পরবর্তী সিদ্ধান্তটি ছিল বিধিসম্মত নয়।



