নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন স্থাপিত টিউবওয়েল ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও উদ্বেগ। টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ায় এবং দিয়াশলাই ধরালে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় কৌতূহলের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বাড়ির পাশে প্রায় ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। স্থাপনের পর থেকেই পানি ব্যবহারের সময় তীব্র গ্যাসের গন্ধ এবং বুদবুদের মতো শব্দ লক্ষ্য করা যাচ্ছিল, যা পরিবারটির মধ্যে সন্দেহের সৃষ্টি করে।

পরে বিষয়টি নিশ্চিত হতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করেন। এতে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। এ দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
আব্দুল মতিন জানান, প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেননি। তবে পানির অস্বাভাবিক গন্ধ টের পেয়ে পরীক্ষা করলে আগুন জ্বলে ওঠে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস, বিশেষ করে মিথেন, পানির সঙ্গে মিশে উপরে উঠে আসার ফলে এমন ঘটনা ঘটতে পারে। এ ধরনের গ্যাস অত্যন্ত দাহ্য হওয়ায় অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে তারা সতর্ক করেছেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে। তবে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে প্রয়োজন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত বিশেষজ্ঞ দল পাঠিয়ে ঘটনাটির কারণ নির্ধারণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।



