Homeজাতীয়ইফতারের আগে স্ত্রী হত্যা থানায় স্বামীর আত্মসমর্পণ, বাড়ি রামগঞ্জে

ইফতারের আগে স্ত্রী হত্যা থানায় স্বামীর আত্মসমর্পণ, বাড়ি রামগঞ্জে

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার আগে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম, যার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায়। দম্পতি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার দক্ষিণ পাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, ক্ষিপ্ত হয়ে জহিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর জহিরুল ইসলাম পালিয়ে না গিয়ে তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় হাজির হন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় এক মাস ধরে দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল এবং প্রায়ই তাদের ঝগড়া-বিবাদ হতো।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img