আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন নাতনি ও তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে অবদানের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন এ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও বেগম খালেদা জিয়া সবসময় অদম্য ও দৃঢ়চেতা থেকে দেশের গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে অনুপ্রেরণার প্রতীক হয়ে আছেন। আয়োজকদের মতে, এই পুরস্কার দেশের নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত করবে।



