Homeখেলাতামিমের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন সাকিব

তামিমের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে ঢাকায় না এনে সাভারেই ভর্তি করা হয় তাকে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তামিমের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে এবং তিনি বর্তমানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) পর্যবেক্ষণে রয়েছেন। ইতোমধ্যে তার জ্ঞান ফিরে এসেছে এবং তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন।

তামিমের হঠাৎ অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসান। একই রাতে নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি তামিমের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

সাকিব লেখেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই। কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা অনেক লড়াই করেছি, অসংখ্য স্মৃতি আমাদের। চাই এই পথচলা আরও দীর্ঘ হোক।”

তিনি আরও বলেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব দ্রুত ফিরে আসবে।”

সাকিবের আবেগঘন আবেদন, “তামিমের জন্য আপনাদের দোয়াই হবে আমার জন্মদিনের সবচেয়ে বড় উপহার। দোয়া করবেন, আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img