আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। তবে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের পর আপত্তির মুখে পড়েছে। সোমবার (২৪ মার্চ) বোর্ডে প্রদর্শনের পর কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয় এবং সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও নির্মাতা কাজী হায়াৎ জানান, “ছবিটির কিছু সহিংস (ভায়োলেন্স) দৃশ্য নিয়ে আপত্তি জানানো হয়েছে। কিছু কাটিং দরকার। সংশোধন করে জমা দিলে দ্রুতই সার্টিফিকেট দেওয়া হবে।”
অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, “আমরা তো সিনেমা বানিয়েছি দর্শকদের জন্য। ভায়োলেন্স থাকাটাই স্বাভাবিক, কারণ এটা অ্যাকশন সিনেমা। ১০ মিনিট কেটে দিলে তো পুরো সিনেমার ধারটাই নষ্ট হয়ে যাবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা নিয়ম মেনেই কাজ করেছি। আমাদের অনুরোধ, রেটিং যেটা দরকার সেটা দিন, কিন্তু সিনেমা যেন ‘আনকাট’ প্রদর্শনের সুযোগ থাকে। এভাবে কাটাকাটি করলে ভালো মানের সিনেমা নির্মাণ কখনোই সম্ভব নয়।”

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু এবং ইন্তেখাব দিনার।
এদিকে শাকিব খানের আরেকটি পুরনো সিনেমা ‘অন্তরাত্মা’ও সম্প্রতি (শনিবার, ২২ মার্চ) সেন্সর বোর্ডে জমা পড়েছে। ২০২১ সালে নির্মিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক।



