গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় এবার প্রাণ হারালেন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরের আল-বালাদ এলাকায় একটি তাঁবুতে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। এ হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনিও প্রাণ হারান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামাস-সংশ্লিষ্ট কুদস নিউজ নেটওয়ার্ক ও বার্তাসংস্থা রয়টার্সও আল-কানৌয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হামাসের পরিচালিত আল-আকসা টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়, সরাসরি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হন।
এদিকে, গাজা সিটি ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে চালানো পৃথক হামলায় আরও অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় মেডিকেল সূত্র জানিয়েছে।
এর আগে, চলতি সপ্তাহেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও সালাহ আল-বারহুমকে হত্যা করে। তারা উভয়েই হামাসের কেন্দ্রীয় সিদ্ধান্তগ্রহণকারী ২০ সদস্যের শীর্ষ কমিটির সদস্য ছিলেন।
হামাসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ ভাগে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের অন্তত ১১ জন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন।
উল্লেখ্য, সাড়ে ১৫ মাস ধরে চলা সংঘাতের মধ্যে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকর নিয়ে মতানৈক্যের কারণে তা স্থগিত হয়ে যায়। এর পর ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত এই অভিযানে প্রায় ৮৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন।



