Homeজাতীয়রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বাসে আগুন

রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত, বাসে আগুন

রংপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় এক মাদ্রাসার সুপার নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং পরে দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন।

রোববার (১২ জুলাই) সকাল ১০টার দিকে রংপুর নগরীর মডার্ন মোড় তুলা গবেষণাকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিহত আবুল কাশেম রংপুর সদর উপজেলার জিয়াতপুকুর দাখিল মাদ্রাসার সুপার এবং নগরীর ধর্মদাস মিলনপাড়া জামে মসজিদের খতিব ছিলেন। তিনি ধর্মদাস মিলনপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকায়।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রংপুর থেকে ঢাকাগামী আর এম স্পেশাল পরিবহনের একটি বাস সকাল ৯টার দিকে মডার্ন মোড়ে পেছনের দিকে ঘোরার সময় পেছনে থাকা পথচারী আবুল কাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাসটি আটকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টার পর একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা আর এম স্পেশাল পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত আবুল কাশেমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক মর্তুজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img