দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনাস্থলে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ও দুপুরের বিভিন্ন সময়ে তাঁকে বহনকারী লাল–সবুজে সজ্জিত বুলেটপ্রুফ বাসটি সংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হলে চারপাশ স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তাঁর বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। লন্ডন থেকে যাত্রা করে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যাত্রাবিরতি শেষে তিনি ঢাকায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে এ যাত্রায় ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিএনপি সূত্র জানায়, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সংবর্ধনাস্থলে পৌঁছে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া করবেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানে তাঁর বাসভবনে যাবেন।



