Homeজাতীয়রায়পুরে কাঁটাতারের বেড়ায় ঘেরাও প্রবাসীর বাড়ি

রায়পুরে কাঁটাতারের বেড়ায় ঘেরাও প্রবাসীর বাড়ি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী এলাকায় এক ইতালি প্রবাসীর বাড়ি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে বহিষ্কৃত বিএনপি নেতা এবাদ উল্যা গাজী ও তার সহযোগীরা প্রবাসী মামুন মিজির বাড়ির চারপাশে জোরপূর্বক খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন, যার ফলে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ছয় বছর আগে ইতালি প্রবাসী মামুন মিজি বৈধভাবে জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ শুরু করেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করে পরিবারের সদস্যদের চলাচলে বাধা সৃষ্টি করে।

এ ঘটনায় প্রবাসী মামুন মিজির স্ত্রী রোজিনা বেগম রায়পুর থানায় ১৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।রোজিনা বেগম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে এখানে বসবাস করছি। কোনো বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু বারবার আমাদের বাড়ি দখলের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত বিএনপি নেতা এবাদ উল্যা গাজী। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক সালিশি বৈঠক হয়েছে এবং তিনি সেখানে একজন সালিশদার হিসেবে উপস্থিত ছিলেন। কাঁটাতারের বেড়া দেওয়ার ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।

অন্যদিকে অভিযুক্ত শাকিল কবিরাজ দাবি করেছেন, বিরোধপূর্ণ জমিটি তাদের মালিকানাধীন এবং সেই জমি পুনর্দখলের অংশ হিসেবেই কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা জমি সংক্রান্ত বিরোধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img