সরকার একটি নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করেছে। ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ নামে এই অধ্যাদেশটি ১২ মে দিবাগত রাতে গোপনে জারি করা হয়। আইএমএফের শর্ত পূরণে নেওয়া এ পদক্ষেপে আয়কর ও কাস্টমস ক্যাডারের মতামত উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নতুন কাঠামোয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে এনবিআরের জনবল স্থানান্তর করা হবে। সেখান থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। আইআরডি বিলুপ্ত হয়ে এর জনবল রাজস্ব নীতি বিভাগে যুক্ত হবে।
অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণের পরিস্থিতি মূল্যায়ন করবে, যা আগে ছিল “পরিবীক্ষণ”। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক দায়িত্বে থাকবে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা।
এদিকে এই গোপন সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে মঙ্গলবার বিকেল ৩টা থেকে এনবিআর ভবনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।
এনবিআর সূত্র জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। পরবর্তী তিন মাসে প্রতিদিন গড়ে ২,২৭৫ কোটি টাকা রাজস্ব আদায় না হলে লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে। এই অবস্থায় কর্মবিরতির ফলে বড় ধরনের রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রাজস্ব কর্মকর্তা জানান, প্রজ্ঞাপনে তাদের দাবি উপেক্ষা করা হয়েছে এবং এ নিয়ে আজকের অবস্থান কর্মসূচিতে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।



