Homeজাতীয়ভোটের দিন ও এর আগে-পরে যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

ভোটের দিন ও এর আগে-পরে যানবাহন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ভোটের দিন ও এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর অংশ হিসেবে ভোটগ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও পিকআপসহ চার ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপর তিন দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠির মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বা তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর আওতায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি, ওষুধ ও চিকিৎসাসেবায় ব্যবহৃত যানবাহন, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত একটি গাড়ি। এছাড়া টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও এ তালিকায় অন্তর্ভুক্ত।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img