বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল খান এবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রদত্ত ‘একুশে স্মারক সম্মাননা পদক’ পেতে যাচ্ছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তামিমসহ মোট ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ বছর একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি (সোমবার) পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৪টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পাশে জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে।
এ বছর একুশে স্মারক সম্মাননা পদকপ্রাপ্ত আটজন হলেন:
- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর)
- সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া
- চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস
- মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী
- সমাজসেবায় লায়ন কামরুন মালেক
- সঙ্গীতে নকিব খান
- সাংবাদিকতায় জাহেদুল করিম কচি
- ক্রীড়াক্ষেত্রে তামিম ইকবাল খান
এছাড়া ছয়জন বিশিষ্ট লেখক ও গবেষককে দেওয়া হবে সাহিত্য পুরস্কার। তারা হলেন:
- কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর)
- প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান
- শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম
- শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী
- কবিতায় জিললুর রহমান
- অনুবাদে ফারজানা রহমান শিমু
চসিক কর্তৃপক্ষ জানায়, এই সম্মাননার মাধ্যমে চট্টগ্রাম শহরের কৃতী ব্যক্তিত্বদের অবদানকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করা এ উদ্যোগের মূল লক্ষ্য।



