নয় মাসেরও বেশি সময় মহাকাশে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেছেন মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মঙ্গলবার গ্রিনিচ সময় সকাল ৫:০৫ মিনিটে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে যাত্রা শুরু করেন। সবকিছু পরিকল্পনামাফিক চললে রাত ৯:৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবতরণ করবেন তারা।
মূলত মাত্র আট দিনের গবেষণার উদ্দেশ্যে গত বছরের ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে তারা আইএসএসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ফেরার সময় অনির্দিষ্টকাল পিছিয়ে যায়। ফলে এই যাত্রা পরিণত হয় এক নাটকীয় ও দীর্ঘ মিশনে।
এই যাত্রায় তাদের সঙ্গে আইএসএসে ছিলেন নাসার নভোচারী নিক হেগ এবং রাশিয়ান নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।
প্রথমবারের মতো মানুষের জন্য পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল বোয়িংয়ের স্টারলাইনার। কিন্তু যাত্রার সময় বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এমনকি সেপ্টেম্বর মাসে স্টারলাইনারকে খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনতে বাধ্য হয় নাসা। এরপর নভোচারীদের ফেরানোর জন্য বিকল্প পরিকল্পনায় এগোয় নাসা ও স্পেসএক্স।
অবশেষে ক্রু-১০ মিশনের ফ্যালকন ৯ রকেট মহাকাশে পাঠিয়ে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।
এ যাত্রার সফল সমাপ্তির মাধ্যমে স্টারলাইনার মিশনের একটি নাটকীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে, যা বিশ্বজুড়ে বিজ্ঞান মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি করেছে।



