Homeইউনিয়নএক মাস বিনামূল্যে চিকিৎসা: ১০ হাজার রোগীর টোকেন দিচ্ছেন এমপি

এক মাস বিনামূল্যে চিকিৎসা: ১০ হাজার রোগীর টোকেন দিচ্ছেন এমপি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে ব্যতিক্রমী এক মানবিক ঘোষণা দিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৫০ শয্যার এই হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান, রমজান ও ঈদকে সামনে রেখে চিকিৎসা নিতে আসা ১০ হাজার রোগীর টোকেন ফি তিনি নিজ তহবিল থেকে পরিশোধ করবেন। এতে আগামী এক মাস রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

পরিদর্শনকালে এমপি ফখরুল ইসলাম দেশ ও জাতির কল্যাণ কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চান। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নতুন সরকারের সফলতা কামনায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসকদের সময়মতো উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় নবনির্বাচিত এই সংসদ সদস্য বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনের আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় জানানো হয়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ রোগী চিকিৎসা নেন এবং প্রতিটি টোকেনের জন্য ৫ টাকা করে পরিশোধ করতে হয়। সেই হিসেবে ১০ হাজার রোগীর টোকেন বাবদ মোট ৫০ হাজার টাকা নিজ তহবিল থেকে দেওয়ার ঘোষণা দেন এমপি ফখরুল ইসলাম, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img