ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশে সরকারের একটি লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা উদ্যোগ, যা দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের সদস্যদের জন্য ভর্তুকিমূল্যে সুবিধা প্রদান করে। এর মধ্যে থাকতে পারে নগদ সহায়তা, খাদ্য সামগ্রী বা অন্যান্য মৌলিক সুরক্ষা সুবিধা। এই কার্যক্রম পাইলট পর্যায়ে প্রথমে আটটি উপজেলায় শুরু হওয়ার পরিকল্পনা করা হয়েছে।

কারা ফ্যামিলি কার্ড পাবেন
ফ্যামিলি কার্ড পাবার জন্য প্রথম শর্ত হলো জাতীয় পরিচয়পত্র থাকা। এনআইডি থাকা প্রয়োজন এবং স্থানীয় ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের সুপারিশ আবশ্যক। এছাড়া নিম্ন আয়ের পরিবার, বিশেষভাবে স্বল্প আয়ের, প্রান্তিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যেই কিছু পরিবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বা অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকলেও, তাদের সমন্বিতভাবে কার্ডের আওতায় আনা হতে পারে। ফ্যামিলি কার্ড তৈরি করার সময় ডিজিটাল যাচাই প্রক্রিয়া অবলম্বন করা হবে, যেখানে এনআইডি, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ইউনিয়নের তথ্য ব্যবহার করা হবে।
কারা ফ্যামিলি কার্ড পাবেন না
একই পরিবারের একাধিক সদস্য আলাদা কার্ড পাবেন না; শুধুমাত্র একটি কার্ড নিবন্ধিত হবে। এছাড়া যেসব পরিবার ইতোমধ্যেই কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে আছে কিন্তু সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে মিল পাওয়া যায় না, তারা কার্ড পাবেনা। তাছাড়া যদি কোনো ব্যক্তি বা পরিবারের তথ্য অন্য কর্মসূচির সঙ্গে দ্বৈত দেখায়, তারা কার্ডের বাইরে থাকতে পারে।
এলিজিবিলিটি সিস্টেম – যাচাই ও স্বচ্ছতা
সরকার সামাজিক নিরাপত্তা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) এবং সিঙ্গেল রেজিস্ট্রি ডাটাবেজ ব্যবহার করে ফ্যামিলি কার্ড প্রাপ্তির জন্য একটি নির্ভুল এবং দ্বৈততা-মুক্ত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করছে। এতে দরিদ্র ও প্রান্তিক পরিবারের তথ্য সঠিকভাবে যাচাই করা এবং সুবিধা পেতে সক্ষম হওয়া নিশ্চিত হবে।




