নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম (৬০)–কে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (গতকাল) দিবাগত রাতে নগরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ইব্রাহিমকে খুলশী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে খুলশী থানার পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ওসি আরও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ইব্রাহিম আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। আপাতত তাঁকে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইব্রাহিম কারাবন্দি নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর বড় ভাই। তাঁর গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামে। চট্টগ্রামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।



