Homeইউনিয়নলক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিবন্ধী শ্রমিকের ঘর

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিবন্ধী শ্রমিকের ঘর

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে এক দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী পরিবহন শ্রমিকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে, লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুলতান বেপারী বাড়িতে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানিক হোসেন, যিনি পেশায় একজন পরিবহন শ্রমিক এবং ওই বাড়ির বাসিন্দা সুলতান বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও বিদ্যুতের কারণে কেউ আগুনে ঝাঁপ দিতে সাহস পাননি। ফায়ার সার্ভিস দুর্গম এলাকায় পৌঁছাতে না পারায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বন্ধ করেন, তবে ততক্ষণে ঘরের সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজাদ হোসেন মেরাজ বলেন, এলাকাটি অনেকটা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বিদ্যুৎ বন্ধ করার পরও কিছুই আর বাঁচানো যায়নি।

ক্ষতিগ্রস্ত মানিক হোসেন বলেন, “কয়েক বছর আগে ড্রাইভিং করতে গিয়ে একটি দুর্ঘটনায় আঙুল হারিয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যাই। কোনোভাবে সংসার চলতো। কিন্তু এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘর নেই, কিছু নেই। এখন খোলা আকাশের নিচে থাকতে হবে।”তিনি সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন, যেন আবার মাথা গোঁজার ঠাঁই হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img