আখরোট—একটি জনপ্রিয় বাদাম জাতীয় ফল, যা শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতায়ও অনন্য। গোলাকৃতি এই ফলটির ভেতরের বীজই খাওয়ার উপযোগী অংশ, যা প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর।
সাধারণত ডেজার্ট, সালাদ বা বিভিন্ন আন্তর্জাতিক খাবারে আখরোট ব্যবহৃত হয় স্বাদ বাড়ানোর উপাদান হিসেবে। তবে এর স্বাস্থ্যগুণ এ ফলকে আরও বেশি গুরুত্বের জায়গায় পৌঁছে দিয়েছে।
গবেষণায় যা উঠে এসেছে:
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস হৃদরোগ, ক্যানসার, উচ্চ রক্তচাপ ও স্নায়ুবিক রোগের ঝুঁকি কমাতে সহায়ক। এই গবেষণা জার্নাল অব নিউট্রিশন-এ প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে, আখরোট মস্তিষ্ক ও হৃদযন্ত্র উভয়ের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
কীভাবে খাওয়া উচিত?
পুষ্টিবিদরা পরামর্শ দেন, সর্বোচ্চ পুষ্টিগুণ পেতে আখরোট ভিজিয়ে খাওয়াই ভালো। দুধ বা মধুর সঙ্গেও এটি খাওয়া যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ৫টি আখরোট খাওয়াই যথেষ্ট বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আখরোট শুধু খাদ্যের স্বাদ বাড়ায় না, বরং সঠিকভাবে গ্রহণ করলে এটি হতে পারে রোগ প্রতিরোধের এক প্রাকৃতিক ঢাল।



