‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি বিপজ্জনক ম্যালওয়্যার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম জানিয়েছে, প্রতারকেরা সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছে একটি ম্যালিশাস লিংক পাঠাচ্ছে।
এই লিংকে ক্লিক করলে একটি APK ফাইল ফোনে ডাউনলোড হয়ে যায়। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই ম্যালওয়্যারটি ফোনের নিয়ন্ত্রণ নেয় এবং ব্যবহারকারীর অজান্তে ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) সংগ্রহ করে অর্থ লেনদেন করতে সক্ষম হয়।
জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, ফ্যাটবয় প্যানেল ইনস্টল হবার পর নিজের আইকন গোপন করে এবং গুগল প্লে প্রোটেক্ট বন্ধ করে দেয়, যাতে ব্যবহারকারীর সন্দেহ না হয়। এ ছাড়া এটি একটি কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সঙ্গে যুক্ত থাকে, যেখান থেকে একসঙ্গে অনেক স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যায়।

জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও জানিয়েছেন, অনেক ব্যবহারকারী এখনো প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করার ঝুঁকি সম্পর্কে সচেতন নন। ভুয়া পরিচয়ে পাঠানো ফাইল ডাউনলোড করেই বড় ক্ষতির মুখে পড়ছেন তারা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অজানা লিংক থেকে কখনোই অ্যাপ ডাউনলোড করা উচিত নয়। পাশাপাশি, গুগল প্লে প্রোটেক্ট সব সময় চালু রাখা, অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত করা এবং প্রতিটি অ্যাপ কী তথ্য ব্যবহার করছে তা নিয়মিতভাবে পর্যালোচনা করাও গুরুত্বপূর্ণ।



