আল হিলালের বিপক্ষে ম্যাচে শুরুটা ভালোই করেছিল আল নাসর। এক গোলে এগিয়েও ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয়ে ৩–১ ব্যবধানে হার মানে রোনালদোর দল। দুই সপ্তাহ আগেও যেখানে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে নাসরের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র চার, সেখানে এখন ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্টে। ফলে আবারও প্রশ্ন উঠছে—ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য কি এবারও ট্রফিহীন মৌসুম অপেক্ষা করছে?

আল কাদসিয়ার বিপক্ষে ঘরের মাঠে হারের পর লিগের শীর্ষ দল আল হিলালের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি নাসর। তবে ৪২তম মিনিটে রোনালদো সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ১৬তম গোল করে দলকে এগিয়ে দেন। এটি চলতি বছরে ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকার প্রথম গোল।
বিরতির পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। কয়েক মিনিটের ব্যবধানে দুই বড় ধাক্কা খায় নাসর। বক্সে ম্যালকমকে ফাউল করেন মোহাম্মদ সিমাকান, আর ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান সালেম আল দাওসারি। ঠিক তখনই ঘটে আরেক নাটকীয় ঘটনা—নাসরের গোলরক্ষক নাওয়াফ আল আকিদি আল হিলালের রুবেন নেভেসকে মুখে আঘাত করেন। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউয়ের পর তাকে লাল কার্ড দেখানো হয়। ফলে শেষ আধঘণ্টা ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় আল নাসর।
সংখ্যাগত এই ঘাটতির সুযোগ নেয় আল হিলাল। ম্যাচের ৮১তম মিনিটে মোহাম্মদ কান্নো দলকে এগিয়ে দেন। যোগ করা সময়ে আবারও পেনাল্টি পায় হিলাল, আলী আল হাসানের ফাউলে আল দাওসারি মাটিতে পড়লে ৯২তম মিনিটে রুবেন নেভেস গোল করে ব্যবধান ৩–১ করেন।
লিগে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয় পেয়েছিল আল নাসর। এরপর এক ম্যাচ ড্র করে টানা তিন ম্যাচে হেরে যায় তারা। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩১, অন্যদিকে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল আল হিলাল। ২৭ ডিসেম্বরের পর থেকে জয়হীন নাসরের সামনে এখন বড় চ্যালেঞ্জ। তিন বছর আগে শিরোপার স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যে আসা রোনালদো কি এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে পারবেন—সেটাই এখন দেখার বিষয়।



