Homeইউনিয়নসুবর্ণচরে ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক পলাতক

সুবর্ণচরে ছাত্রী অপহরণের অভিযোগে শিক্ষক পলাতক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান (৩৫) নামে একটি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিলে মাদরাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরবর্তীতে ওই মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সুবর্ণচরের চর হাসান এলাকার সৈয়দ মুন্সি বাড়ি দরজার মাদরাসায়। অভিযুক্ত শিক্ষক মাহমুদুল হাসান পিরোজপুর জেলার বাসিন্দা এবং তিনি ওই মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১২ বছর বয়সী ছাত্রীটি ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে নোয়াখালী সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি শিক্ষক মাহমুদুল হাসান ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিবাদে চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের কর্মস্থল সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। এর পর থেকে মাদরাসাটির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তালাবদ্ধ মাদরাসায় আগুন ধরিয়ে দেয়। এতে মাদরাসার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় তখন কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img