চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাই উপজেলার মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে নিজ বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

শাহেদের মা কামরুজ্জাহান জানান, ‘আমার সংসারে দুই মেয়ে ও এক ছেলে। শাহেদের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকতেন। দেশে ফিরে কিছুদিন আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে আনেন। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। ১৫ বছর ধরে তিনি আমাদের মানসিক নির্যাতন করতেন। গতকাল আমরা মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। ঘটনার দিন সন্ধ্যায় কথাকাটাকাটির এক পর্যায়ে শাহেদের বাবার হাতে থাকা ছুরি দিয়ে শাহেদের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। আমি আমার ছেলের নির্মম হত্যার বিচার চাই।’
শাহেদকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত জানান, শাহেদের মৃত্যু হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা পলাতক। তাকে গ্রেপ্তারে একটি পুলিশ দল গঠন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পারিবারিক দ্বন্দ্বে এমন এক মর্মান্তিক হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে।



