গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯২ শিশু। এর মধ্যে ১৭৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮১৯ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ঢাকায় শিশুটির মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৩৮৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১২ হাজার ৯৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৪৮ জন।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০ হাজার ৫২২ শিশু। তাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।



