Homeজাতীয়কমলগঞ্জে ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ

কমলগঞ্জে ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ৩ ঘণ্টা বন্ধ

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় প্রায় তিন ঘণ্টা সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমসেরনগর রেলস্টেশনের মাঝামাঝি কালীপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, ভানুগাছ স্টেশন পার হওয়ার পরই ট্রেনটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। পরিস্থিতি বুঝে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন, ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি ঘটনাস্থলেই আটকে যায় এবং রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

ভানুগাছ রেলস্টেশনের স্টেশনমাস্টার গৌরপ্রসাদ দাশ পলাশ জানান, ইঞ্জিন থেকে মবিল চুইয়ে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়। এতে লোকোমোটিভটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। পরে কুলাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করে সিলেটের পথে পাঠানো হয়। এর পরই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে ট্রেনটি আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই ট্রেন ছেড়ে বিকল্প যানবাহনে যাত্রা করেন। যাত্রী মালেকা বেগম জানান, আগুন লাগার কারণে মাঝপথে আটকে পড়ে তিনি ভোগান্তিতে পড়েন এবং পরে সিএনজিচালিত অটোরিকশা ও বাসে করে গন্তব্যে রওনা দেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ট্রেন যাত্রা বেশ দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img