নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি মারা গেছেন। ১৩ জুলাই (রোববার) যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
বুহারির ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, পরিবার দুপুরে তার মৃত্যুর ঘোষণা দেয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
বর্তমান প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে ইংল্যান্ডে গিয়ে মরদেহ আনয়নের প্রক্রিয়া তদারকি করার নির্দেশ দিয়েছেন।

বুহারি প্রথমে ১৯৮০’র দশকে সেনাশাসক হিসেবে নাইজেরিয়ার ক্ষমতায় আসেন। পরবর্তীতে গণতান্ত্রিক ধারায় ফিরে এসে ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। এরপর ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দেশ পরিচালনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন শাসককে পরাজিত করে তিনি দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেন।



