নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় দুটি কারখানায় অভিযান চালিয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন এবং ব্যাংক রোডে অবস্থিত রিপন প্যাকেজিং কারখানায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ৬ লাখ টাকা এবং বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাব-১১, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমুখ।



