Homeজাতীয়নোয়াখালীতে গভীর রাতে পুকুরে মিলল এক ব্যক্তির লাশ, বন্ধু আটক

নোয়াখালীতে গভীর রাতে পুকুরে মিলল এক ব্যক্তির লাশ, বন্ধু আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে একটি পুকুর থেকে তপন চন্দ্র মজুমদার (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর বন্ধু ডালিম চন্দ্র মজুমদার (৪০)-কে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুর থেকে তপনের মরদেহ উদ্ধার করে চর জব্বর থানা-পুলিশ। নিহত তপন ও আটক ডালিম দুজনেই চরবাটা গ্রামের বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে পুকুরের দিকে কিছু পড়ে যাওয়ার শব্দ ও এক ব্যক্তির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তাঁরা পুকুরে ডুবে থাকা অবস্থায় ডালিম চন্দ্র মজুমদারকে উদ্ধার করেন।

এর কিছুক্ষণ পর, রাত তিনটার দিকে পুকুরেই তপন চন্দ্র মজুমদারের ভেসে ওঠা মরদেহ দেখতে পান গ্রামবাসীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তপন ও ডালিম নিয়মিত একসঙ্গে সময় কাটাতেন। ঘটনার রাতে তাঁদের আড্ডা দিতেও দেখা গেছে। ডালিমকে উদ্ধারের পর থেকেই তপনকে খোঁজ করা হচ্ছিল, যার একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার হয়।

চর জব্বর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, তপনের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ডালিমকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img