ভারতে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন, আর প্রাণ হারিয়েছেন ছয়জন।
রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘দ্য ইকোনমিক টাইমস’ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বাধিক সংক্রমণ দেখা গেছে কেরালায়। এর পরে রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং রাজধানী দিল্লি। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে, অধিকাংশ আক্রান্ত ব্যক্তি মৃদু উপসর্গে ভুগছেন এবং বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত করোনা সংক্রান্ত মৃত্যু ছিল মাত্র ৬৫ জনের। অথচ হঠাৎ করেই মে মাসের শেষে এবং জুনের শুরুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। ২২ মে পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখন ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্তদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, যা পরে কোভিড-১৯ নামে পরিচিত হয় এবং বিশ্বজুড়ে এক বিধ্বংসী মহামারিতে রূপ নেয়।



