বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন ড্রোন শো। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই শোতে হাজারো দর্শকের উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে ঢাকার আকাশ।
চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে আয়োজিত এই ড্রোন প্রদর্শনীতে প্রযুক্তি ও সৃজনশীলতার মিশেলে ফুটে ওঠে ইতিহাস, প্রতিবাদ এবং মানবিক বার্তা। প্রদর্শনীর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় ২৪-এর বীর, বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে প্রতীকী অভিভূতি, পায়রার খাঁচা ভাঙার প্রতীক এবং ফিলিস্তিনের প্রতি সংহতির আবেদন।
এছাড়াও, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন, জুলাইয়ের গণজাগরণ এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভও এই শোতে প্রতীকীভাবে স্থান পায়। ড্রোনগুলো নানা আকারে ভেসে উঠে প্রতীকী বার্তা পৌঁছে দেয় দর্শকদের হৃদয়ে।
ড্রোন শোর আগে বিকেলে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু শিল্পীদের সংগীত পরিবেশনার মাধ্যমে। পরে বিভিন্ন সাংস্কৃতিক দল পরিবেশন করে লোকজ সংগীত ও নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই অনুষ্ঠানে যোগ দেন।
নববর্ষের সন্ধ্যায় এমন একটি ব্যতিক্রমধর্মী প্রযুক্তিনির্ভর আয়োজন ঢাকার নাগরিকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে বলে জানিয়েছেন উপস্থিত দর্শকরা।



