অভিনেত্রী অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, জায়েদ খান, নুসরাত ফারিয়া ও নিপুণ আক্তারসহ ১৭ জন জনপ্রিয় অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলাটি ঢাকার ভাটারা থানায় রুজু হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহুরুল ইসলাম।
মামলার আসামিদের তালিকায় রয়েছেন আরও কয়েকজন খ্যাতনামা শিল্পী, যেমন—সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক ও আজিজুল হাকিম।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার এক আন্দোলনের সময় ভাটারা থানার আওতাধীন এলাকায় একটি হত্যাচেষ্টা সংঘটিত হয়। সেই ঘটনায় এ অভিনেতা-অভিনেত্রীদের জড়িত থাকার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক নামের এক ব্যক্তি।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই সময়কার সরকারবিরোধী আন্দোলন দমন করতে আসামিরা বিপুল অর্থ সহায়তা করেছিলেন। আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় বাদী এনামুল হক আহত হন। একটি গুলি তার ডান পায়ে লাগে এবং তিনি রাস্তায় অচেতন অবস্থায় পড়ে যান।



