লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় করপাড়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের আমতলী বিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন একপক্ষ বালু তুলতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করে, এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, ‘পিচ্চি নিশান’ নামে একজনের নেতৃত্বে একটি সশস্ত্র দল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও ভীতির পরিবেশ তৈরি করছে। অবৈধ অস্ত্র প্রদর্শন করে তারা বালু ব্যবসায় আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।
রামগঞ্জের মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়েছি। গুলিবর্ষণের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। একপক্ষ চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের, অন্যপক্ষ করপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



