ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। তবে এই রায়ের পরও গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে, কারণ নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন ব্যবস্থাপনা শাখা আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠায়।
ইসির সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। তাদের সাড়া পাওয়ার পরই গেজেট প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। এরপর ভোট কারচুপির অভিযোগ এনে ৩ মার্চ মামলা করেন ইশরাক।
ওই বছরের ১৬ মে দায়িত্ব গ্রহণ করেন তাপস এবং জুন মাসের প্রথম সপ্তাহে সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে হিসাবে ঢাকা দক্ষিণ সিটির বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনে।



