নিশ্চিত হলো—স্থগিতই থাকছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। চলতি বছর জুনে শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২০২৬ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
প্রথমে চলতি বছরের জুনের শেষ দিকে আসরটি আয়োজনের পরিকল্পনা থাকলেও, ভেন্যু ও সূচি চূড়ান্ত না হওয়ায় ধীরে ধীরে তৈরি হচ্ছিল অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের মাত্র দুই মাস আগে এসেও প্রস্তুতির ঘাটতি থাকায় শেষ পর্যন্ত বড় সিদ্ধান্তই নিল সাফ—চ্যাম্পিয়নশিপ হবে ২০২৬ সালে।
তবে কোন দেশে এবং বছরের কোন সময়ে এই আসর বসবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংস্থাটি। ২০২৬ সাল বিশ্বকাপের বছর হওয়ায় সাফ জানিয়েছে, বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এর আগে ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের। ভারত সবচেয়ে বেশি ৯ বার শিরোপা জিতেছে। মালদ্বীপ জিতেছে ২ বার। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।



