কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি এলাকায় হঠাৎ আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে সাড়ে চার শতাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। বাঁশ ও ত্রিপলের তৈরি ঘর হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ক্যাম্পজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং শিশু, নারী ও বৃদ্ধসহ হাজারো মানুষ নিরাপদ স্থানে ছুটে যান। অনেক পরিবার ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যসামগ্রী, কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যাম্প কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে এবং এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

আপনার ব্যবসার ব্র্যান্ড ভ্যালু বাড়ান—এখন আরও সহজে
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন, রান্নার চুলা, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও শত শত পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



