আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন কিলিয়ান এমবাপে। তার অভিষেক মৌসুমে তিনি ৯ নম্বর জার্সি পরে খেললেও এবার লুকা মদ্রিচের বিদায়ের পর খালি হওয়া ১০ নম্বরটি পেয়েছেন তিনি—ফ্রান্স জাতীয় দলের মতোই।
মদ্রিচ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে এসি মিলানে যোগ দেওয়ায় এই নম্বরটি এমবাপের জন্য উন্মুক্ত হয়। ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, শুরু থেকেই পরিকল্পনা ছিল—জার্সি খালি হলেই তা এমবাপেকে দেওয়া হবে।
পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়ে ব্যক্তিগতভাবে দারুণ এক মৌসুম কাটিয়েছেন এমবাপে। লা লিগায় ৩১ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল, যা রোনালদোর অভিষেক মৌসুমের চেয়েও বেশি।

ফাইনালগুলোতেও আলো ছড়িয়েছেন এমবাপে—উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে গোল করেছেন। তবে দলের সামগ্রিক সাফল্য প্রত্যাশামতো হয়নি। লা লিগায় বার্সেলোনার পেছনে থেকে দ্বিতীয় হয়েছে রিয়াল এবং চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে।
ক্লাব বিশ্বকাপেও চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন এমবাপে। অসুস্থতার কারণে গ্রুপ পর্বে খেলতে পারেননি, আর নকআউট পর্বে ফিরেও সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।



