আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার দায়িত্ব পালন করবে বিএনপি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাটে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দীর্ঘদিন সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে তারা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ, কারণ তাদের সুরক্ষায় নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ফখরুল ইসলাম আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় আয়োজিত পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা। তিনি বলেন, “ওরা আমাদের ভাই-বোন। তাদের ধর্মীয় উৎসবে কেউ যেন কোনো প্রকার বাধা সৃষ্টি করতে না পারে, সেটাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।”
এ সময় তিনি অভিযোগ করেন, কোম্পানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতে অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা। ভবিষ্যতে যেন এ ধরনের সন্ত্রাসী আর জন্ম না নেয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃন্দাবন মহাজন বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত মজুমদার, বসুরহাট জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, সাবেক ছাত্রদল নেতা আবু তোয়াহা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ছোটনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



