দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তারল্য সংকট মোকাবিলায় ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই অর্থ ছাড় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা এবং গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের ফলে ইসলামী ব্যাংক তীব্র তারল্য চাপে পড়ে। এতে অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী নগদ অর্থ পরিশোধে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) সংরক্ষণেও চ্যালেঞ্জের মুখে পড়ে ব্যাংকটি।
পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হলো।
এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাফা মুরশেদুল ইসলাম ইসলামী ব্যাংকের তারল্য সংকট নিরসনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ব্যাংকটির বর্তমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না।
ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হবে। পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সহায়তা।



