দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ ভিনদেশিকে বিতাড়িত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেছেন, অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ দেশে চলে যাওয়া উচিত। ঈদে দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, যা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
এছাড়া যারা অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করবে তাদের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা পরিচালিত বিশেষ অভিযানের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতির মাধ্যমে তিনি বলেছেন, ঈদকে সামনে রেখে শুরু হওয়া বিশেষ অভিযানের লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা করা এবং মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশ রোধ করা।
এ দিকে চলমান প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে আত্মসমর্পণ করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দুই লাখ ৪৬ হাজার ৭৩২ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন। এদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং পাকিস্তানের।
গত সোমবার (১০ মার্চ) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।



