Homeআন্তর্জাতিকজুলাই শিখিয়েছে ঐক্যের শক্তি, পরিবর্তনের সাহস: মুহাম্মদ ইউনূস

জুলাই শিখিয়েছে ঐক্যের শক্তি, পরিবর্তনের সাহস: মুহাম্মদ ইউনূস

ঢাকা | বুধবার, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশের সর্বস্তরের মানুষ যেভাবে এক কাতারে দাঁড়িয়েছিল, তা জাতীয় ঐক্যের এক অনন্য উদাহরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অন্যায়, স্বৈরাচার বা অবিচার দীর্ঘস্থায়ী হতে পারে না। তাঁর ভাষায়, “জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি ৩৬ দিনের এক ঐতিহাসিক সংগ্রামের প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিরোধ, সাহস ও আত্মত্যাগের স্মারক হয়ে থাকবে।”

তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সব শহীদকে, যাঁরা গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেছেন। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ী শারীরিক ক্ষতির শিকার ব্যক্তিদের প্রতিও গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং জাতি সবসময় তাঁদের ঋণ স্বীকার করবে।

বিবৃতিতে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, এই আন্দোলন ছিল প্রকৃত অর্থেই একটি সর্বজনীন গণআন্দোলন। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সাহস, আত্মবিশ্বাস এবং দৃঢ় অবস্থান গণআন্দোলনকে শক্তিশালী ভিত্তি প্রদান করেছে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক, সাধারণ নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের পাশে থেকে ঐক্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিক, আলোকচিত্রী এবং গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। তাঁদের পেশাদারিত্ব এবং সত্য প্রকাশের সাহস আন্দোলনের বাস্তব চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিবৃতিতে রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং বুদ্ধিজীবীদের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তাঁরা নিজেদের অবস্থান থেকে জনমত গঠন, সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক দাবির প্রতি সামাজিক সমর্থন সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পরিবহনকর্মী, চিকিৎসক, নার্স, আইনজীবী এবং বিভিন্ন পেশাজীবীর অবদান তুলে ধরে তিনি বলেন, সংকটময় সময়ে তাঁদের দায়িত্বশীল ভূমিকা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও সংহতি প্রকাশ, জনমত গঠন এবং বিভিন্নভাবে সমর্থন প্রদানের মাধ্যমে আন্দোলনের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে ভূমিকা রেখেছেন।

নারীদের অংশগ্রহণকে গণ-অভ্যুত্থানের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, সাহস, নেতৃত্ব এবং আত্মত্যাগের মাধ্যমে নারীরা প্রমাণ করেছেন যে দেশের গণতান্ত্রিক সংগ্রামে তাঁদের ভূমিকা অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের অবদান অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশ গঠনে সাহস, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—ঐক্যই সবচেয়ে বড় শক্তি। জনগণ যখন একটি ন্যায়সঙ্গত লক্ষ্যকে সামনে রেখে একত্রিত হয়, তখন যেকোনো কঠিন বাধা অতিক্রম করা সম্ভব। সেই শিক্ষা ধারণ করেই দেশকে গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার যে পথচলা শুরু হয়েছে, তা সফল করতে জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা আগামী দিনগুলোতেও দেশের জনগণকে ন্যায়, স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img