বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার—‘মেসেজ থ্রেডস’। ব্যক্তিগত, ব্যবসায়িক ও অফিসিয়াল যোগাযোগে বহুল ব্যবহৃত এই প্ল্যাটফর্মটি নিয়মিত নতুন ফিচার এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলছে।
‘মেসেজ থ্রেডস’ ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট একটি মেসেজের উত্তর বা প্রতিক্রিয়া (রিপ্লাই) একসাথে একটি থ্রেডে সাজানো থাকবে। ফলে দীর্ঘ কথোপকথনের মাঝে বারবার স্ক্রল না করেও ব্যবহারকারীরা সহজেই পূর্ববর্তী রিপ্লাইগুলো খুঁজে পাবে। বিশেষ করে গ্রুপ চ্যাট বা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আলোচনা ট্র্যাক করার ক্ষেত্রে এটি বেশ কার্যকর হবে।
প্রযুক্তিবিষয়ক বিশ্বস্ত সূত্র ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৫.৭.৭-এ এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটি চ্যাটের গোপনীয়তা বজায় রেখে কথোপকথনকে আরও সুসংগঠিত করবে।
মেসেজ থ্রেডস ফিচারের মূল সুবিধাসমূহ:
- দীর্ঘ কথোপকথন বা আলোচনা সহজে ট্র্যাক করা যাবে।
- পুরনো রিপ্লাই খুঁজতে বারবার স্ক্রল করার প্রয়োজন হবে না।
- গ্রুপ চ্যাট ও অফিসিয়াল আলোচনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আসবে।
- মেসেজ বিন্যাস থাকবে গোছালো ও গোপনীয়।
বর্তমানে ফিচারটি বেটা পর্যায়ে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।



