Homeজাতীয়মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত তারেক রহমানের

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত তারেক রহমানের

নিজ বাসভবনে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় এই দৃশ্য দেখা যায়।

বর্তমানে ওই বাসভবনেই খালেদা জিয়ার মরদেহ রাখা হয়েছে। এখানেই সপরিবারে বসবাস করেন তারেক রহমান। বাসাটির পাশেই রয়েছে খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’।

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি গুলশানে পৌঁছায়। সকাল ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরোজার উদ্দেশে গাড়িটি রওনা হয়। গুলশানে খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

এরপর জানাজার উদ্দেশে মরদেহ নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজার আগে পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। আজ বুধবার দুপুর ২টায় সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। একই সঙ্গে বিএনপি দলীয়ভাবে সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া টানা ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন, তিনবার দেশের প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img